বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আসনের বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, বিগত সময়েও দুর্নীতি করিনি, ভবিষ্যতেও করবো না।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের সুপার মার্কেট চত্বরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না। যারা মাদক ব্যবসা, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারা আমাদের কাছে আসবেন না।
বিএনপি নেতা আরও বলেন, ভোটের পরিবেশ বদলেছে, দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে এবং দেশের কল্যাণে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জিয়াউল হুদা সিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, বিশেষ বক্তা ছিলেন সাবেক ভিপি তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল