ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, যারা ক্ষমতার লোভে রাজনীতি করে, তারাই দেশের ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে।
বুধবার বিকেলে কুড়িগ্রাম-২ আসনের কুড়িগ্রাম কলেজ মোড় সংলগ্ন বিজয় স্তম্ভ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ সব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর বখত মিয়ার পক্ষে আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, একসময় যে রাজনৈতিক দলগুলো ইসলামী আদর্শের কথা বলে দেশ পরিচালনার অঙ্গীকার করেছিল, তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে সংসদে বাস্তবায়িত হবে ইসলামী আর্দশ সেই নীতি, এটাকে সামনে রেখে যখন আমরা চলছিলাম তখন আমরা কি দেখতে পেলাম। এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট, আবার জামায়াতের নেতৃত্বে জোট তারা পরিষ্কার ভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে, প্রচলিত নিয়মে যে ধারায় দেশ চলছে।
তিনি বলেন, ‘আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে? যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর হয় তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলোর মায়ের কোল কেনো খালি হল। এত ত্যাগ, চক্ষু হারালো, আবু সাঈদ আপনাদের রংপুরে সন্তান। সেই আবু সাঈদ তার বুককে পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চাইলো? মুগ্ধ পানি পানি শব্দ করার পরে সে আস্তে ওই অবস্থায় জমিনের ওপর ঢলে পড়লো। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গু হলো, আবারো সেই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার জন্য।’
কুড়িগ্রাম-২ আসনের প্রাথী অধ্যক্ষ নুর বখতের ভুয়সী প্রশংসা করে বলেন, ‘তিনি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ।দীর্ঘ সময় ধরে তিনি মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। হাতপাখাকে বিজয়ী করলে ইসলামের সাথে থাকলে দুনিয়া এবং আখিরাতে কামীয়াবি হবে।’
পরে তিনি কুড়িগ্রাম-১ আসনের প্রাথীর উদ্দেশ্যে জেলার নাগেশ্বরী উপজেলার জনসভা উপলক্ষে যাত্রা করেন।