খুলনায় সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
এজাহারে বলা হয়, আসামিরা বুধবার ভোরে সদর উপজেলার তারের পুকুরসংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে একত্র হন। তাঁরা বর্তমান সরকারকে উৎখাত, মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি এবং অন্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সড়কে ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান। একই সঙ্গে আসামিরা নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পুলিশ পৌঁছানোর আগেই আসামিরা পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের শনাক্ত করে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।