চাঁপাইনবাবগঞ্জে সরকারি অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এক চিকিৎসকের দৌড়ে চলে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে ঘটে।
জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক ডা. মো. ইনজামাম উল হক জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর)। ভাইরাল ভিডিওতে তাকে এক রোগীর আলট্রাসনোগ্রাম করার সময় সাংবাদিকদের দেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। চাঁপাই অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দাবি করেন, দুপুরের বিরতিতে চিকিৎসা দিতে হাসপাতালে এসেছিলেন ওই চিকিৎসক। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ডা. ইনজামাম উল হকের বক্তব্য পাওয়া যায়নি। পরে তিনি ফেসবুকে বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, ওইদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসক দাপ্তরিক কাজে তার সঙ্গে ছিলেন। অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।