খুলনার রূপসার নতুন বাজার বেড়িবাঁধ সড়কে ইতি (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় ইতি ওয়াপদা বেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।