লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সময় এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত জাহাঙ্গীর ইসলামের ঠিকানা শনাক্ত না হওয়ায় লাশ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রমও শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, এথেন্স।
দূতাবাসের তথ্যমতে, ১৮ জুন লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সময় জাহাঙ্গীর ইসলাম নামে ওই বাংলাদেশের নাগরিক মারা যান।
বাংলাদেশ দূতাবাস জানায়, এখন পর্যন্ত গ্রিক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস নিহতের পূর্ণ পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারেনি। এজন্য লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করা যাচ্ছে না। বর্তমানে লাশটি ক্রিতি দ্বীপের চানিয়া হসপিটালের মর্গে আছে।
গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনায় অন্য কোনো বাংলাদেশির হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানায় দূতাবাস।
এ অবস্থায়, জাহাঙ্গীর ইসলামকে কেউ চিনে থাকলে অথবা তাঁর পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত বাংলাদেশ দূতাবাস, এথেন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য গ্রিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।
নিহতের পরিচয় নিশ্চিত করা গেলে তাঁর লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।