কুষ্টিয়ার দৌলতপুরে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে সাগর হোসেন নামে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় জনতা তাকে দৌলতপুর থানা পুলিশে হস্তান্তর করে। গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ভর্তি রোগী ও স্বজনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল। বৃহস্পতিবার দুপুরে এক রোগীর স্বজনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয়রা অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে তার কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে এক ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন। তার পেছনে কয়েক ব্যক্তি হাঁটছেন এবং আশপাশে উৎসুক জনতার ভিড়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্থানীয় লোকজন চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।