আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১০টায় খেলা শুরু হয়। তামিম ইকবালকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও তিনি খেলছেন।
বাংলাদেশ দল এই টেস্টে আক্রমণাত্বক ক্রিকেট খেলতে চায় এমনটি জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এই অলরাউন্ডার দাবি করেন রান করাটাই আসল কাজ। মিরাজ যেমনটা বলছিলেন, ‘একটা জিনিস যদি দেখেন, বর্তমানে কিন্তু সব ফরম্যাটেই আক্রমণাত্বক ক্রিকেট হচ্ছে। টেস্ট ক্রিকেটও এখন আক্রমণাত্বকভাবে খেলা হচ্ছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেটটা খেলা। দিন শেষে রান করাটাই আসল কাজ। সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কিনা, ১০০ করছে কিনা - এটাও অনেক গুরুত্বপূর্ণ।’
র্যাংকিংয়ের পেছনের দলগুলোর বিপক্ষে খেললে মনোযোগ একটু কম থাকে কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, 'আন্তর্জাতিক খেলা মানে আন্তর্জাতিক খেলা। এখানে এক নম্বর দলের সঙ্গে খেললে যেমন অনুভূতি কাজ করে, ১০ নম্বর দলের বিপক্ষে খেললেও সেই একই অনুভূতি কাজ করে।’
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ