সিলেটে জাল নোট জালিয়াত চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াত চক্রের সদস্যদের কাছ থেকে জাল নোট দিয়ে প্রতারণার অভিনব কৌশলের তথ্যও পেয়েছে র্যাব।
বুধবার র্যাব-৯ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন— গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার পীরেরবাড়ি এলাকার মৃত ঠাকুর চাঁদ বালার ছেলে গুরুচাঁদ বালা (৩৮), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার লগারপাড়া গ্রামের মো. হাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার নগরপাড়া গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রাশেদ মিয়া (৩০) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হাদি বাঁশকাঠি গ্রামের আবদুল বারেক সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৩৩)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি জাল নোট চক্রের সদস্য। তিনি এবং তার আরও তিন সহযোগী কয়েকদিন ধরে সিলেট শহরে অবস্থান করে জাল নোট দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানান, তারা সাধারণত জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করতেন। কম মূল্যের কোনো পণ্য কিনে বড় অঙ্কের জাল নোট দিতেন। পরে দোকানদারের কাছ থেকে ফেরত হিসেবে আসল টাকা নিয়ে নিতেন। এভাবেই তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বিশেষ করে উৎসবের সময় বা ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে তারা বাজারে জাল নোট ছড়িয়ে দিত।
বিডি-প্রতিদিন/এমএল