কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (৮ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৭ জুন) রাত ২টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
তিনি আরো জানান, অভিযানকালে ওই এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ