চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবদিয়া গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন হযরত আলীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি ওজনের চারটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ