নওগাঁর মান্দায় গাছ থেকে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তৈয়বুর রহমান(৬৫) একই এলাকার মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটকরা হলেন, সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের ছেলে শাকিল(৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম নামায়। এ নিয়ে আব্দুল মোমিন ওই বাচ্চাকে মারধর করলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে আজ সকালে ইমরান হোসেন ও তার লোকজন একত্রিত হয়ে মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দেওয়ায় মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮) আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা।
স্থানীয় বাসিন্দা সোহেল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির পাশে পাকা রাস্তায় তাদের ওপর আবারও হামলা করেন প্রতিপক্ষরা। এ সময় বাধা দেওয়ায় তৈয়বুর মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরকে