দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৯৬৮। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু।
গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১। হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ২৬২ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের। এ সময়ে ১১০ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৮৩ হাজার ৫৪৩ জন।