কেউ বলে উদয়ীবাবুনাই কেউ বলে শ্বেতাক্ষি পাখি। আবার চশমা পাখি বা চশমা টুনি নামেও পরিচিত। তবে চোখের চারপাশে সাদা বৃত্তাকার থাকায় উদয়ী ধলা চোখ নামেও অধিক পরিচিতি রয়েছে। এরা বাংলাদেশের আবাসিক পাখি। ইংরেজি নাম Oriental White-eye, বৈজ্ঞানিক নাম Zosterops palpebrosus এরা শ্বেত-চোখ পরিবারে একটি ছোট পাসেরিন পাখি। বাংলাদেশ ছাড়াও ভারত উপমহাদেশ, ওমান, ইরান, আফগানিস্তান, চীন, মিয়ানমার এদের দেখা যায়। সম্প্রতি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে এ পাখির ছবি তুলেছেন শৌখিন ফটোগ্রাফার মশিউর রহমান।
এরা আকারে চড়ুইয়ের চেয়ে ছোট। লম্বায় মাত্র ১০ সেমি.। হলদে-সবুজ দেহ। চোখ হলদে-বাদামি। চোখের রং সাদা ও চোখের সামনে ছোট কালো দাগ। গলা ও বুক উজ্জ্বল হলুদ। পেট সাদাটে। লেজতল হলদে। কালো চঞ্চুর গোড়া ধূসর। পা ধূসর-হলুদ। এদের স্বতন্ত্র চোখের চারদিক ঘিরে সাদা বলয় এবং হলুদ বর্ণ দ্বারা সহজেই চেনা যায়। তবে ছানাদের চোখে চশমা থাকে না। এরা সাধারণত গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় ফুলের মধু, ছোট পোকামাকড় ও বিভিন্ন ফল খেতে পছন্দ করে। এরা ছোট ছোট দলে বিচরণ করে। এপ্রিল-মে মাস প্রজননকাল। এ সময় গাছের সরু শাখায় সরু শিকড়, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে গোলাকার ঝুলন্ত বাসা বাঁধে। ২-৩টি ডিম পাড়ে। ডিমের রং ফ্যাকাশে নীল। ৯-১১ দিন ডিম ফুটে। প্রায় ১০ দিনে ছানারা উড়তে শেখে। ফটোগ্রাফার মশিউর রহমান বলেন, উদয়ী ধলা-চোখ খুবই ছোট্ট একটি পাখি, আকারে প্রায় টুনটুনি পাখির মতো। এ পাখিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর চোখের চারপাশের সাদা বৃত্ত, যা দেখতে অনেকটা সাদা চশমার মতো। ছোট্ট হলেও প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য উদয়ী ধলা-চোখ পাখি।