দিনাজপুরের চিরিরবন্দরে যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর ঈদগাহ মাঠে এ মানববন্ধন হয়। এতে অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনের অনুলিপি দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আখতারুজ্জামান মিয়াকেও প্রদান করছেন তাঁরা। জানা গেছে, রানীরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এন আই বালিকা উচ্চবিদ্যালয়, চাইন্ড কেয়ার স্কুল ও কলেজ, দারুস সুন্নাহ মাদ্রাসা, ঈদগাহ মাঠ, উত্তর রানীপুর বায়তুল জান্নাত জামে মসজিদ এবং স্থানীয় কবরস্থানে যাতায়াতের একমাত্র রাস্তা দখল করে বাড়ি করছেন প্রভাবশালী আফতাব উদ্দিন। অথচ রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, মুসল্লিসহ স্থানীয়রা যাতায়াত করে আসছিলেন। হঠাৎ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েন।