গাইবান্ধায় বিপুল পরিমাণ জালনোটসহ শামীম মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে শহরের কাটপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকার জালনোট জব্দ করা হয়েছে। শামীম বগুড়ার আদমদিঘী উপজেলার সাদনী গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, একটি হোমিও দোকান থেকে ২০০ টাকার ওষুধ কিনে ৫০০ টাকার জালনোট দেন শামীম। দোকান মালিক টাকাটি জাল বুঝতে পেরে ও তার চলাফেরায় সন্দেহ হলে স্থানীয়দের ডাকেন তিনি। স্থানীয়রা শামীমের কাছ থেকে ১ হাজার টাকার ২২টি ও ৫০০ টাকার একটি জালনোটসহ তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে জাল টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।