সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গতকাল সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, ধ্বংস করা মাদকের মধ্যে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধসহ অন্যান্য মাদকদ্রব্য ছিল। এ সময় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।