ঘড়িতে তখন সকাল ৬টা। সবে মাত্র বাতাসে সূর্যের তেজ বাড়ছে। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখতে সাত সকালেই রাস্তার মোড়ে মোড়ে বড় পর্দার টেলিভিশনের সামনে প্রস্তুতি নিচ্ছেন দর্শক-সমর্থকরা। এর মধ্যেই খুলনার দর্শকরা সাক্ষী হলেন প্রিয় দলের প্রিয় তারকার প্রতি বিরল এক ভালোবাসার। খুলনা হাদিস পার্কের চত্বরে প্রদর্শন করা হলো হাতে আঁকা আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ‘সবচেয়ে বড় ছবি’।
২১ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট প্রস্থের বিশাল ছবিটি এঁকেছেন খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র নয়ন মণ্ডল। ৫০৪টি এ ফোর কাগজে আঁকা হয়েছে ছবিটি। টেপ দিয়ে পরপর কাগজগুলো জোড়া লাগিয়ে ছবিটি আঁকা হয়। নয়ন মণ্ডলের বাড়ি খুলনার পাইকগাছা দেলুটি কালিনগরে। করোনা মহামারির সময় থেকে তিনি ছবি আঁকা শুরু করেন। স্বপ্ন দেখতেন বাংলাদেশে সবচেয়ে বড় ছবি আঁকবেন। তারপর ২০২৫ সালে প্রায় এক মাসের অক্লান্ত পরিশ্রম কওে মেসির ছবিটি আঁকা শেষ করেন। শুরুতে গ্রামে ও কলেজ ক্যাম্পাসে ছোট পরিসরে ছবিটি দেখিয়েছেন নয়ন মণ্ডল। এবারই প্রথমবারের মতো বড় পরিসরে ছবিটি প্রদর্শন করা হয়।
নয়ন মণ্ডল বলেন, মেসির প্রতি আবেগ ভালোবাসা থেকেই ছবিটি এঁকেছি। এটি হাতে আঁকা সবচেয়ে বড় প্রতিকৃতি, যা আগে কেউ আঁকেনি। আমি চাই মিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাক এবং আমার প্রিয় খেলোয়ার মেসি এটি দেখুক এটাই আমার বড় পাওয়া। এরপর ইচ্ছা আছে বিশ্ব রেকর্ড করতে গিনেজ বুকে নাম লেখানোর মাধ্যমে।
এদিকে হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবিটি সব বয়সি মানুষের প্রশংসা পেয়েছে। স্কুল শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্বকাপ ঘিরে তরুণরা উজ্জীবিত হয়ে পড়েছে। আর তরুণদের পাশাপাশি বয়স্করাও খেলা উপভোগ করছেন। তার মধ্যে প্রিয় দলের প্রিয় খেলোয়ার বিশাল ছবি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।