ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে খাদিম মিয়া নামে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরুনটি গ্রামের মধ্যে গত রাতে এ ঘটনা ঘটে। নিহত খাদেম মোল্লা ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির ১ লাখ টাকা পাওনা ছিল। রবিবার সন্ধ্যায় মোশারফ টাকা ফেরত চায় আলাল ও আশিকের কাছে। তারা জানায় খাদিম মিয়া টাকা দিতে বারণ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন নিহত ও ৩০ জন আহত হন। আহতদের সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু সময় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে।
অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।