রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ফ্ল্যাট জালিয়াতির মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম জানান, মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামি মোশাররফ হোসেনের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। এ জন্য আদালত নতুন তারিখ ধার্য করেছেন। এর আগে আদালত গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চাজর্শিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।