৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল গতকাল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদে ১ হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন মনোনীত হয়েছেন।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৬৩টিতে।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মাত্র ১ হাজার ৩০২ জন প্রার্থীকে এই বিসিএসে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
বাকি ২ হাজার ৩৪৩টি ক্যাডার পদে নিয়োগে যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। অথচ এই বিসিএসে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, বিভিন্ন ক্যাডারে মোট ৩ হাজার ৬৬৩টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৩২০ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। কয়েকটি কারিগরি বা পেশাগত ক্যাডারে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩৪৩টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন করা সম্ভব হয়নি।
পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘কারিগরি বা পেশাগত ক্যাডারে যোগ্য লোকবল পাওয়া যায় না। সবাই সাধারণ ক্যাডারে আবেদন করেন, সেখানে যেতে চান। বিগত কয়েকটি বিসিএসের ফল খেয়াল করলে দেখবেন, এ ধরনের সংকট আগে থেকেই চলে আসছে। এটি ক্রমে আরও বাড়ছে। এবার খুব বেশি সংকট দেখা যাচ্ছে।’ ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১০ হাজার ৬৪৪ জন। ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৩ হাজার ৬৩১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তাদের মধ্যে ১ হাজার ৩০২ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।