গাইবান্ধা সদরে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ হরিণসিংহা গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হরিণসিংহা গ্রামের হিরো মিয়া তার গোয়ালঘর থেকে বের করে মাঠে নিয়ে যাওয়ার সময় পাশের একটি বাড়ির স্লাব ভেঙে সেপটিক ট্যাংকে গরুটি পড়ে যায়। অনেক চেষ্টা করেও উদ্ধারে ব্যর্থ হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুটি উদ্ধার করেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা পাম্প দিয়ে সেপটিক ট্যাংকে পানিভর্তি করে গরুটিকে উঠিয়ে আনতে সক্ষম হয়।