হাইওয়ে পুলিশের ডিজিটাল সেবা Hello HP চালু করা হয়েছে। মহাসড়কে যেকোনো সমস্যায় হাইওয়ে পুলিশের সঙ্গে এক ক্লিকেই মিলবে সেবা। অ্যাপসটি ডাউনলোড করে নিবন্ধন ছাড়াই Emergency Call Button ব্যবহার করে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাইওয়ে পুলিশের সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া যারা জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাপসটি নিবন্ধন করবেন তাদের জন্য থাকছে অনেক সুবিধা। দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত এবং মহাসড়কে চলাচল আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে এ সেবা চালু করা হয়েছে। গতকাল বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘হ্যালো এইচপি’ নিরাপদ ও নিশ্চিন্ত যাত্রার সঙ্গী হিসেবে কাজ করবে। নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য অনেক সুযোগসুবিধা রাখা হয়েছে অ্যাপসটিতে। এর মধ্যে হাইওয়ে পুলিশসহ জরুরি সেবা নম্বরসমূূহ, নিকটস্থ হাসপাতাল, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স তথ্য; ব্লাডব্যাংক ও স্বেচ্ছাসেবী সেবার যোগাযোগ; ওয়ার্কশপ ও প্রয়োজনীয় সার্ভিস পয়েন্টের তথ্য; স্মার্ট ও আধুনিক ফিচারসমূহ; জরুরি নয় এমন বিষয় নিয়ে সরাসরি অভিযোগ জানানোর সুবিধা; রাস্তার অবস্থা ও যানজটের লাইভ আপডেট; সড়ক বন্ধসংক্রান্ত তথ্য এবং দুর্ঘটনাপ্রবণ এলাকার তথ্য অন্যতম।
বিজ্ঞপ্তিতে অ্যাপসটি সম্পর্কে আরও বলা হয়, মহাসড়কের মধ্য থেকে কলসুবিধা : মহাসড়ক ব্যবহারকারী যে-কেউ হাইওয়ে পুলিশের সহায়তার জন্য সরাসরি ‘হ্যালো এইচপি’ অ্যাপস্ থেকে পুলিশকে কল করতে পারবেন। পুলিশ অফিসার কর্তৃক সেবা প্রদান : সেবাগ্রহীতা হ্যালো এইচপি অ্যাপসে কল করলে কলটি প্রথমে সংশ্লিষ্ট হাইওয়ে থানার টহল/মোবাইল ডিউটিরত পুলিশ অফিসারের কাছে যায়। ওই টহল/মোবাইল অফিসার ৩০ সেকেন্ডের মধ্যে কল রিসিভ না করলে কলটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের কাছে যায়। ডিউটি অফিসার ফোনটি রিসিভ না করলে কলটি স্বয়ংক্রিয়ভাবে ৩০ সেকেন্ড পর সংশ্লিষ্ট থানার ওসির কাছে ট্রান্সফার হয়। ওসি ফোনটি রিসিভ না করলে বা ব্যর্থ হলে কলটি স্বয়ংক্রিয়ভাবে ৩০ সেকেন্ড পর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট রিজিওন কন্ট্রোলরুম এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোলরুমে কর্তব্যরত অপারেটরের কাছে ট্রান্সফার হয়। ফলে দ্রুত আইনি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
অনলাইন ও অফলাইন কলসুবিধা : ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যবহারকারী অফলাইন মুডে কল দিতে পারেন। অফলাইন কলের ক্ষেত্রে সেবাগ্রহীতার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড জিও লোকেশনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস আকারে নিকটস্থ পুলিশ অফিসারের কাছে ট্রান্সফার হয় এবং লোকেশন অনুযায়ী হাইওয়ে পুলিশ টহল টিম সেখানে পৌঁছে যায়। রিয়েলটাইম লোকেশন ট্র্যাকিং : কলের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে হাইওয়ে পুলিশ টহল টিম ইনচার্জের কাছে পাঠানো হয়, ফলে দ্রুত ঘটনাস্থলে সেবা পৌঁছানো যায়। এতে একটি জরুরি বাটন আছে যা চাপলে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর ও অবস্থান স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ হাইওয়ে পুলিশ অফিসারের মোবাইল ফোনে চলে যায়। সমগ্র বাংলাদেশের মহাসড়কের বিস্তারিত তথ্য যেমন সড়কের নাম, নম্বর, বিভাগ, শ্রেণি, দৈর্ঘ্য ইত্যাদি এ অ্যাপসে সন্নিবেশিত আছে। ফলে মহাসড়কে স্ট্রাকচারাল কোনো সমস্যা হলে সমাধানকল্পে সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধান করার সুযোগ রয়েছে। মহাসড়কের পাশের সব লোকাল পুলিশ স্থাপনা, হাইওয়ে পুলিশ স্থাপনা, বাসস্ট্যান্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ইত্যাদির জিও লোকেশনসংক্রান্ত তথ্যও (অক্ষাংশ, দ্রাঘিমাংশসহ) এ অ্যাপসে সন্নিবেশিত আছে; যা পুলিশের কাজে ব্যাপক সহায়ক হচ্ছে। অ্যাপসে রয়েছে আপডেটেড মহাসড়ক মানচিত্র, যেখানে ট্রাফিক অবস্থা, দুর্ঘটনাপ্রবণ এলাকা, মহাসড়ককেন্দ্রিক হাসপাতাল, পেট্রোল/সিএনজি পাম্প, ওয়ার্কশপ, হোটেল, নিরাপদ বিশ্রাম পয়েন্টগুলোর বিস্তারিত তথ্যসহ নিরাপদ রুট নির্দেশনা। এ ছাড়া এক ট্যাপে জরুরি সহায়তা (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা পুলিশ) নেওয়ারও সুযোগ রয়েছে।
মহাসড়কের পাশের সব জনপ্রতিনিধি/গণ্যমান্য ব্যক্তিদের তথ্য : মহাসড়কের পাশের সব জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির তথ্য, যানবাহন মালিক ও শ্রমিক এবং কমিউনিটি পুলিশিংসংক্রান্ত তথ্য রিপোর্ট ফরম্যাটে হাইওয়ে পুলিশ অফিসারের কাছে প্রয়োজন অনুযায়ী উপস্থাপিত হয় যা পুলিশকে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করে। হাইওয়ে পুলিশ ডিজিটাল ক্রাইম ম্যাপ-ডিজিটাল ম্যাপের মধ্যে ক্রাইম স্পটগুলো দেখানো হয়েছে। রোড অ্যাকসিডেন্ট ম্যাপ-সব রোড অ্যাকসিডেন্ট সম্পর্কিত তথ্য এতে দেখানো আছে। জরুরি নয় এমন বিষয়ে হাইওয়ে পুলিশকে জানানোর সুবিধা : সেবাগ্রহীতা অ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও আপলোড করে দুর্ঘটনা, যানজট বা অপরাধসংক্রান্ত তথ্য জানাতে পারবেন। জরুরি নয় এমন বিষয়ে হাইওয়ে পুলিশকে ভয়েস টাইপের মাধ্যমেও জানানো যায়।
পুলিশ ডিরেক্টরি : সমগ্র বাংলাদেশের পুলিশের মোবাইল নম্বরসহ জিও লোকেশন অনুসারে বিভিন্ন প্রয়োজনীয় নম্বরসংবলিত ফিচার রয়েছে এ অ্যাপসে। মোবাইল নম্বর সংরক্ষণ করা, হোয়াটস অ্যাপ বা সরাসরি কল করা, মেসেজ প্রেরণসহ যে-কাউকে লোকেশনসহ নম্বর প্রেরণ করা যায়। রিয়েলটাইম অনলাইন ও অফলাইন নোটিফিকেশন : হাইওয়ে পুলিশ কর্তৃক রাস্তা মেরামত, দুর্ঘটনা বা ট্রাফিক ডাইভারশন সম্পর্কিত নোটিফিকেশন রিয়েলটাইমে পাওয়া যাবে।